তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে,
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে॥

যেন ঊষার কোলে রাঙা রবি দোলে,
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে॥

কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ওই,
কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই॥

খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ওই,
আকাশ, গ্রহ, তারা পড়ে লুটে, কে এলো ওই॥

পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে,
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে॥

মানুষে মানুষের অধিকার দিলো যে জন,
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিলো যে জন॥

মানুষের লাগি চির-দীন বেশ নিলো যে জন,
বাদশা ফকিরে এক শামিল করিলো যে জন॥

এলো ধরায় ধরা দিতে সেই সে নবী,
ব্যথিত মানবের ধ্যানের ছবি॥

আজি মাতিলো বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে,
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে॥

───────────
লিখক: কাজী নজরুল ইসলাম


Post a Comment

0 Comments